মিনি সুইজারল্যান্ড (মিনাটিলা), সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার এক সীমান্তে অবস্থিত। জৈন্তাপুর উপজেলার সীমান্তঘেঁষা এই জায়গাটি এখনো সবার কাছে খুব বেশি পরিচিত নয়। ওপারে সারি সারি মেঘালয়ের পাহাড়, নিচে ছোট সবুজ মাঠ, পাশ দিয়ে বয়ে গেছে রাংপানি নদী। স্থানীয়রা জায়গাটাকে “ভাইরাল মাঠ”ও বলেন।
এখানে পর্যটনকেন্দ্র হিসেবে এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। কিন্তু যারা ভিড়মুক্ত, শান্ত পরিবেশে পাহাড় দেখতে চান, তাদের জন্য এটি এখনকার সিলেটের সবচেয়ে অপরিচিত গন্তব্যগুলোর একটি।
আরও: ভোলাগঞ্জ সাদা পাথর
| অবস্থান | মিনাটিলা, ৪ নং বাংলাবাজার এলাকা, জৈন্তাপুর, সিলেট |
| ধরন | সীমান্তবর্তী প্রাকৃতিক এলাকা |
| প্রবেশ ফি | নেই |
| ভ্রমণের উপযুক্ত সময় | অক্টোবর থেকে মার্চ |
| সিলেট শহর থেকে দূরত্ব | প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার |
| নিকটবর্তী নদী | রাংপানি নদ |
| জনপ্রিয় কার্যক্রম | ফটোগ্রাফি, পাহাড় দেখা, প্রকৃতিতে হাঁটা |
কোথায় অবস্থিত
মিনাটিলা (Minatila) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায়, ভারত-বাংলাদেশ সীমান্তের একেবারে পাশে। সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়ক ধরে গেলে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় ডান পাশে একটি কাঁচা রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে প্রথমে সোজা, পরে এঁকেবেঁকে ঝিঙ্গাবাড়ি গ্রাম পেরিয়ে বাংলাবাজার থেকে দেড় কিলোমিটার গেলেই মিনাটিলা।
ওপারে ভারতের মেঘালয় রাজ্যের সবুজ পাহাড়। সীমান্তের এপারে রাংপানি নদী বয়ে চলেছে। ভারতের ছাগলখাউরি নদ বাংলাদেশে ঢুকে এই নাম পেয়েছে। জায়গাটা শূন্যরেখার একেবারে কাছে।
কি কি দেখবেন
মিনাটিলার মাঠ ও পাহাড়ের দৃশ্য: ছোট একটা সবুজ মাঠ। এপারে গরু-মহিষ-ছাগল চড়ে বেড়ায়, আর ওপারে পাহাড়ের সারি। মেঘ যখন পাহাড়ের গা ঘেঁষে নামতে থাকে, পুরো দৃশ্যটা বদলে যায়। বিকেলের আলোয় পাহাড়ের রং আর সবুজ প্রকৃতি ক্যামেরায় ধরতে অনেকেই আসেন। মাঠের এক কোণে বাঁশ-কাঠের তৈরি অস্থায়ী বেঞ্চ আছে, বসে থেকে দেখার মতো পরিবেশ আছে এখানে।
রাংপানি নদ: মাঠের বাঁ পাশে রাংপানি নদ তিরতির করে বয়ে গেছে। নদের তীরে গাছের চারা লাগানো হচ্ছে সম্প্রতি। শ্রমিকরা বারকি নৌকায় বালু পরিবহন করেন। এই নদীর তীরে বসে থাকলে সময় কেটে যায় অনায়াসে। ভারতের দিকে ছাগলখাউরি নদের ওপর একটি ঝুলন্ত সেতুও দেখা যায় এখান থেকে।
ঝিঙ্গাবাড়ি গ্রামের পথ: মিনাটিলা যাওয়ার পথটা দেখার মতো। ইট-কাঁচা রাস্তার দুই পাশে সবজিখেত, ধানের জমি আর ছোট গ্রাম। হেঁটে গেলে গ্রামীণ পরিবেশটা আরও কাছ থেকে অনুভব করা যায়।
জৈন্তা রাজবাড়ী: মিনাটিলা থেকে একই দিনে জৈন্তা রাজবাড়ী দেখে আসা যায়। প্রাচীন জৈন্তা রাজ্যের এই ঐতিহাসিক স্মৃতিস্মারকটি জৈন্তাপুর উপজেলাতেই রয়েছে।
আরও: টাঙ্গুয়ার হাওর
ভ্রমণের সেরা সময়
মিনি সুইজারল্যান্ড (Mini Switzerland) মিনাটিলার আসল সৌন্দর্য দেখতে চাইলে অক্টোবর থেকে মার্চ মাসে ভ্রমণে করা সবচেয়ে উপযুক্ত। এ সময় আকাশ পরিষ্কার থাকে, পাহাড় স্পষ্ট দেখা যায়, কাঁচা রাস্তায় কাদার ঝামেলাও কম থাকে।
তবে বর্ষাকালে মিনাটিলার রূপ আলাদা। পাহাড়ে মেঘ নামে, রাংপানি নদে পানি বাড়ে, চারদিক আরও গাঢ় সবুজ হয়। তবে এই সময় রাস্তা পিচ্ছিল থাকে এবং সীমান্ত এলাকায় যাওয়া কিছুটা কষ্টকর হতে পারে।
কিভাবে যাবেন
ঢাকা থেকে
বাসে: সায়েদাবাদ, ফকিরাপুল বা মহাখালী থেকে সিলেটগামী বাসে উঠুন। এনা, হানিফ, গ্রীনলাইন, শ্যামলী সহ বেশ কয়েকটি পরিবহন চলে। নন-এসি ভাড়া সাধারণত ৬০০ থেকে ৭০০ টাকা, এসি ১,২০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে। সময় লাগে ৫ থেকে ৬ ঘণ্টা।
ট্রেনে: কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা, কালনী বা উপবন এক্সপ্রেসে যাওয়া যায়। আসনভেদে ভাড়া ৩৭৫ থেকে ১,২৮৮ টাকা পর্যন্ত। রাতের উপবন এক্সপ্রেসে গেলে ভোরে সিলেট পৌঁছানো যায়, পরদিন সারাটা সময় হাতে থাকে।
বিমানে: ঢাকা থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট আছে। সময় লাগে মাত্র ৪৫ মিনিট।
চট্টগ্রাম থেকে
গ্রীনলাইন, এনা বা লন্ডন এক্সপ্রেসের বাসে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়া যায়। এসি বাসের ভাড়া ১,২০০ থেকে ১,৬০০ টাকা, নন-এসি ৮০০ থেকে ৯০০ টাকা। পাহাড়িকা বা উদয়ন এক্সপ্রেস ট্রেনেও যাওয়া যায়।
সিলেট থেকে মিনাটিলা
সিলেট পৌঁছে তামাবিলগামী বাস বা সিএনজিতে উঠুন। ৪ নম্বর বাংলাবাজার বাসস্টপে নামুন। সেখান থেকে রিকশা বা পায়ে হেঁটে দেড় কিলোমিটার। পুরো রাস্তায় যানবাহন নাও পেতে পারেন। রিজার্ভ সিএনজি নিলে সিলেট থেকে মিনাটিলা পর্যন্ত ভাড়া আনুমানিক ১,২০০ থেকে ২,০০০ টাকার মধ্যে পড়তে পারে।
কোথায় খাবেন
মিনাটিলায় কোনো রেস্তোরাঁ বা স্থায়ী খাবারের দোকান নেই। ছোট একটা গ্রাম ঘেঁষা জায়গা, এখানে খাবারের ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। তবে, বাংলাবাজার ও হাইওয়ের পাশে কিছু ছোট খাবারের দোকান আছে, সাধারণ বাংলা খাবার পাওয়া যায়। আরেকটু ভালো মানের খাবারের জন্য জৈন্তা হিল রিসোর্ট যেতে পারেন। এছাড়া সবচেয়ে ভালো খাবার পাবেন সিলেট শহরের জিন্দাবাজার এলাকার পানসী, পাঁচ ভাই বা পালকি রেস্তোরাঁয়। চাইলে দিনশেষে শহরে ফিরে খেতে পারেন। ভালো হয় যদি নিজেরাই শুকনো খাবার, পানি সঙ্গে নিয়ে যান।
কোথায় থাকবেন
মিনাটিলায় থাকার কোনো ব্যবস্থা নেই। প্রায় সব পর্যটক দিনে গিয়ে সিলেট শহরে ফিরে আসেন। চাইলে, সিলেটের লালাবাজার বা দরগা গেট এলাকায় ৪০০ থেকে ১,০০০ টাকায় সাধারণ মানের রুম পাওয়া যায়। আর মিড-রেঞ্জ এর জন্য, হোটেল হলি গেইট, হলি ইন বা পানসি ইনে ২,০০০ থেকে ৪,০০০ টাকায় মোটামুটি মানের রুম পাওয়া যায়। আর যদি প্রিমিয়াম রিসোর্টে থাকতে চান, নিরভানা ইন, নূরজাহান গ্র্যান্ড বা রোজ ভিউ হোটেলে ৫,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে রুম পাওয়া যায়। জৈন্তাপুরে জৈন্তা হিল রিসোর্টে ২,৫০০ থেকে ৫,০০০ টাকায় কটেজ বা রুম পাওয়া যায়।
আরও: পান্থুমাই ঝর্ণা
আনুমানিক খরচ
| খাত | আনুমানিক খরচ (জনপ্রতি) |
|---|---|
| ঢাকা থেকে সিলেট (নন-এসি বাস, যাওয়া-আসা) | ১,২০০ থেকে ১,৪০০ টাকা |
| সিলেট থেকে মিনাটিলা (যাওয়া-আসা) | ২০০ থেকে ৫০০ টাকা |
| থাকা (বাজেট হোটেল, ১ রাত) | ৪০০ থেকে ১,০০০ টাকা |
| খাবার (দৈনিক) | ৩০০ থেকে ৬০০ টাকা |
| প্রবেশ ফি | বর্তমানে নেই |
| মোট আনুমানিক (১ রাত) | ২,১০০ থেকে ৩,৫০০ টাকা |
বি:দ্র: খরচের হিসেব মৌসুম, সঙ্গীর সংখ্যা এবং পরিবহনের পছন্দ অনুযায়ী কমবেশি হতে পারে।
ট্রিপ প্ল্যান
একদিনের পরিকল্পনা (ঢাকা থেকে): রাতের ট্রেন বা বাসে রওনা দিলে ভোরে সিলেট পৌঁছান। সকাল ৭টায় সিলেটে পৌঁছে হালকা নাস্তা করে নিন। সকাল ৮টায় তামাবিলগামী বাস বা রিজার্ভ সিএনজিতে রওনা দিন। সকাল ৯টা থেকে ১১টার মধ্যে মিনাটিলায় সময় কাটান। মাঠে হাঁটুন, রাংপানি নদের পাশে বসুন, পাহাড় দেখুন। এরপর দুপুর ১২টায় বাংলাবাজার বা কাছাকাছি কোথাও দুপুরের খাবার খান। দুপুর ১টা থেকে বিকেল ৩টার মধ্যে জৈন্তা রাজবাড়ী ঘুরুন, চাইলে লালাখালও যেতে পারেন। বিকেল ৪টায় সিলেট শহরে ফিরে আসুন। সন্ধ্যায় শহরে রাতের খাবার খেয়ে ফেরার পথে রওনা দিন।
দুই দিনের পরিকল্পনা: প্রথম দিন মিনাটিলা, জৈন্তা রাজবাড়ী, লালাখাল ঘুরে দেখুন (উপরের গাইড মত)। দ্বিতীয় দিন জাফলং, বিছনাকান্দি বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঘুরে আসুন।
আশেপাশে আর কি কি দেখবেন
- লালাখাল
- জাফলং
- রাতারগুল সোয়াম্প ফরেস্ট
- বিছনাকান্দি
- জৈন্তা রাজবাড়ী (জৈন্তাপুরে)
ভ্রমণ টিপস ও সতর্কতা
- মিনাটিলা শূন্যরেখার একেবারে কাছে। এখানে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। সীমান্ত অতিক্রম করার কোনো চেষ্টা করবেন না। যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে বিজিবি বা স্থানীয় প্রশাসনকে জানান।
- বিকেল হলে মেঘ জমে পাহাড় ঢাকা পড়তে পারে। সকালে গেলে পাহাড় বেশি স্পষ্ট দেখা যায়। তবে বর্ষায় বিকেলের আলোয় পাহাড়ে মেঘ দেখাটাও আলাদা অভিজ্ঞতা।
- আরামদায়ক হাঁটার জুতা সাথে নিন কারন, এখানের রাস্তা অনেকটাই কাঁচা।
- পানির বোতল এবং শুকনো খাবার সাথে নিন।
- বর্ষায় গেলে রেইনকোট বা ছাতা নিতে পারেন।
- এখানে শৌচাগার নেই, পাকা রাস্তা নেই, দোকানপাট নেই। যাওয়ার আগে এসব বিষয় মাথায় রাখুন।
- সীমান্ত এলাকায় নেটওয়ার্ক দুর্বল থাকতে পারে। গুগল ম্যাপ অফলাইনে ডাউনলোড করে রাখুন।
- প্লাস্টিক বা আবর্জনা ফেলবেন না। স্থানীয় বাসিন্দাদের সাথে ভদ্র আচরণ করুন।
- সীমান্তঘেঁষা জায়গা, একা বা ছোট গ্রুপে গেলে স্থানীয় কাউকে সঙ্গে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
Facebook: Kuhudak
