ট্রিপে কবে যাবেন? আজকের পোস্টে এই নিয়ে থাকছে বিস্তারিত। আসেন আপনার সাথে আলাপ শুরু করি। “ভাই, কোথাও ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু এখন টাকা নাই। সময়ই পাচ্ছি না, ভাই! অফিস আর কাজের চাপে জীবনটা একঘেয়ে হয়ে গেছে। আরে ভাই, একটু ধৈর্য ধরেন। পরে যখন টাকা হবে, তখন আরামসে ঘুরতে যাবো।”
এমন কথাবার্তা আমাদের চারপাশে প্রায়ই শোনা যায়। হয়তো আপনিও এভাবেই ভাবছেন এই মাসটা না, পরের মাসে… এবার না, আগামী বছর পাকা প্ল্যান করবো… কিংবা এখন তো শরীরটা ঠিক নেই, সুস্থ হলেই ঘুরতে যাবো। কিন্তু প্রশ্নটা হলো, ট্রিপে কবে যাবেন?
আমরা সবাই একটা ‘পারফেক্ট টাইম’ এর অপেক্ষায় থাকি। ভাবি, একদিন সব ঠিক হয়ে যাবে, টাকা থাকবে, সময় থাকবে, মনটাও থাকবে, তখন যাবো। কিন্তু জীবন তো থেমে থাকে না। সময় যেমন চলে যায়, তেমনি শরীরও বদলায়, দায়িত্ব বাড়ে, ইচ্ছেগুলো থেমে পড়ে।
স্বপ্নগুলো কি ক্যালেন্ডারের পাতায়
একটা সময় ছিলো, স্কুল-কলেজে পড়ার সময় ভাবতাম, “পরীক্ষা শেষ হলেই ঘুরতে যাবো।” পরীক্ষা শেষ হলো, ভর্তি পরীক্ষা সামনে। ভর্তি শেষ, শুরু হলো ক্লাস, অ্যাসাইনমেন্ট, টিউশন। তারপর চাকরি, সংসার, বাচ্চা সব একে একে জীবনের ট্রিপ প্ল্যান বাতিল করে দিলো। প্রতিবারই মনে হতো, “এই না, একটু গুছিয়ে নিই, তারপর ঘুরতে যাবো।” কিন্তু গুছিয়ে নেওয়া তো আর শেষ হয় না। জীবন সব সময়ই কিছু না কিছু দিয়ে ব্যস্ত রাখে।
এভাবে একটা সময় এসে দাঁড়ায়, যখন হয়তো পকেটে টাকা থাকে, ছুটি নেওয়ার সুযোগও থাকে, কিন্তু হাঁটুর ব্যথা, ডাক্তারের প্রেসক্রিপশন আর হাই প্রেসার নিয়ে ঘরে বসে ভাবি, “ইস! তখন যদি যাওয়া যেতো…”
সময় আর শরীর-দুটোই অনিশ্চিত
অনেকেই বলেন, “সময় তো নিজের হাতে নাই।” কিন্তু সময় সব সময় নিজের হাতেই থাকে, যদি আমরা ঠিকভাবে প্রাধান্য দেই। একদিনে ২৪ ঘণ্টা সবার জন্যই সমান। যে ঘুরে বেড়ায়, তারও ২৪ ঘণ্টা, যে কেবল কাজ করে, তারও ২৪ ঘণ্টা। শুধু আমরা কাকে গুরুত্ব দিচ্ছি, সেটাই ফারাক গড়ে দেয়।
শরীরের কথাও বলতে হয়। আজ সুস্থ আছি, কাল কি হবে কেউ জানি না। বয়স বাড়বে, শরীরের যত্ন নিতে না পারলে ট্রাভেল করা কঠিন হবে। পাহাড়ে উঠতে পারবো না, লং বাস জার্নি সইবে না, বেশি হাঁটলে হাঁপিয়ে উঠবো। তখন ঘোরার ইচ্ছাটা থাকবে, কিন্তু শরীরটা আর সায় দেবে না।
আরও: শিক্ষার্থীদের জন্য ভ্রমণের ১৫টি টিপস
ছোট ছোট ট্রিপ দিয়েই শুরু হোক
ভ্রমণের জন্য বিশাল বাজেট বা ৭ দিনের লম্বা ছুটির দরকার নেই। কাছাকাছি কোথাও একদিনের ট্যুর দিয়েও ঘোরা শুরু করা যায়। নিজ জেলার ঐতিহাসিক স্থান, কোনো জলপ্রপাত, নদীর পাড়, গ্রামীণ হাট-সবই হতে পারে আপনার পরের গন্তব্য। সবচেয়ে বড় কথা হলো, শুরুটা করা। আপনার জন্য সবচেয়ে কাজে দিতে পারে ডে ট্রিপ বা একদিনের ভ্রমণ।
আপনি যদি মনে করেন ৫০ হাজার টাকা না হলে ট্রিপ হবে না, তাহলে ভুল করছেন। ৫০০ টাকাতেও একটা দিন চমৎকারভাবে কাটানো সম্ভব। শুধু দরকার একটু পরিকল্পনা আর ইচ্ছা।
অভিজ্ঞতা-যা আজীবন সঙ্গে থাকে
ভ্রমণ মানে শুধু ছবি তোলা বা জায়গা দেখা নয়। ভ্রমণ মানে নিজেকে খুঁজে পাওয়া, নতুন কিছু শেখা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এক জায়গায় বসে থেকে জীবনকে পুরোপুরি বোঝা যায় না। যখন আপনি নতুন জায়গা দেখবেন, নতুন মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের জীবনযাপন দেখবেন-তখনই বোঝা যাবে, পৃথিবী কত বৈচিত্র্যময় আর শেখার কত কিছু আছে!
এই অভিজ্ঞতাগুলো টাকা দিয়ে কেনা যায় না। আজ যে সময়টা আপনি অপচয় করছেন “সময় নেই” বা “টাকা নেই” এই ভেবে, সেটা ভবিষ্যতে কখনোই ফিরিয়ে আনতে পারবেন না।
আরও: ভ্রমণ সঙ্গী কীভাবে নির্বাচন করবেন
ভবিষ্যতের অপেক্ষা করে বর্তমানকে হারিয়ে ফেলবেন না
“ভবিষ্যতে একদিন ঘুরতে যাবো” এই চিন্তায় আজকের দিনটা চলে যাচ্ছে। আমরা জানি না কাল কী হবে। হতে পারে ভবিষ্যতে টাকা থাকবে, সময়ও থাকবে কিন্তু মনের সেই উদ্যম থাকবে না। হতে পারে, ইচ্ছেটাই মরে যাবে।
তাই ট্রিপ প্ল্যান করার সময় বারবার ভাববেন, কবে যাবেন? কিন্তু আরও একবার ভাবুন, কেন যাবেন না এখনই?
বন্ধুদের বলুন, “চলো ঘুরি”
ভ্রমণ একা করা যায়, আবার দলেও করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায়, কেউ একজন না বললে বাকিরা আগায় না। আপনি হতে পারেন সেই মানুষ, যে গ্রুপের মধ্যে আলো জ্বালাবে। আপনি যদি কাউকে বলেন “চলো ঘুরি,” হয়তো সে-ই অনেক দিন ধরে চুপ করে বসে থাকা একটা প্রাণ ফিরে পাবে।
ভ্রমণের গল্পগুলো শুধু জায়গা না, মানুষকেও বদলে দেয়। একেকটা ট্রিপ মানে একেকটা নতুন গল্প। সেই গল্প গুলোই হয়তো একদিন আপনার জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে।
আরও: বাংলাদেশের সেরা ৫০ টি দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র
আপনার জন্য কিছু পরামর্শ
১. মাসে অন্তত একদিন নিজের জন্য রাখুন।
২. ছুটির দিনে কাছাকাছি জায়গায় ছোট্ট একটা ট্রিপ করুন।
৩. বাজেট কম? চিন্তা নেই। ট্রিপটা আপনার মানসিক শান্তির জন্য প্রয়োজন বিলাস নয়।
৪. ট্রিপের জন্য আলাদা সেভিংস করুন, ছোট হলেও হোক।
৫. নিজের শারীরিক যত্ন নিন, যাতে ভবিষ্যতেও চলতে পারেন।
৬. ভ্রমণের ছবি, ভিডিও, অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করুন।
জীবন প্রতিদিনই ছোট হয়ে আসছে। আমরা হয়তো ভাবি, এখন না গেলে কিছু আসে যায় না। কিন্তু সত্যি কথা হলো, এখন না গেলে, পরে হয়তো যাওয়া হবে না।
এই জন্যেই প্রশ্নটা আরও জরুরি হয়ে দাঁড়ায় “ট্রিপে কবে যাবেন?” আপনার উত্তরটা যেন হয়, “এই মাসেই, ইনশা আল্লাহ।”
ইউটিউব: GoArif

