Skip to main content

পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ দ্বীপ, ত্রিস্তান দা কুনহা

আচ্ছা কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে দূরের বসতি কোথায়? এমন এক জায়গা যেখানে যেতে হলে বিমানে চড়া যাবে না, স্রেফ জাহাজে করে যেতে হবে, আর সেই যাত্রাও লাগে প্রায় ছয় দিন। এমনই একটা জায়গার নাম ত্রিস্তান দা কুনহা।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে, দক্ষিণ আফ্রিকা থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার আর দক্ষিণ আমেরিকা থেকে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে এই ছোট্ট আগ্নেয় দ্বীপটার অবস্থান। কাছের কোনো বসতিপূর্ণ জায়গা বলতে সেন্ট হেলেনা, সেটাও প্রায় দুই হাজার চারশো কিলোমিটার দূরে। মানে চারদিকে খালি পানি আর পানি, লোকালয় বলতে কিছুই নেই আশেপাশে। এই কারণেই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানুষ বসতিপূর্ণ দ্বীপ।

দ্বীপটা আবিষ্কার হয়েছিল ১৫০৬ সালে, পর্তুগিজ নাবিক ত্রিস্তাও দা কুনহার হাত ধরে। তার নামেই দ্বীপের নাম। তবে অনেকদিন এখানে কেউ বসবাস করত না। ঊনিশ শতকের শুরুর দিকে ব্রিটেনরা এখানে বসতি স্থাপন শুরু করে, মূল কারণ ছিল নেপোলিয়নকে সেন্ট হেলেনায় নির্বাসনের সময় ফরাসিরা যেন এই দ্বীপ ব্যবহার করে তাকে উদ্ধার করতে না পারে। তারপর থেকে ধীরে ধীরে নাবিক, জাহাজডুবির শিকার হওয়া মানুষ আর তাদের বংশধররা মিলে এখানে একটা ছোট্ট কমিউনিটি গড়ে ওঠে।

এখন দ্বীপে থাকেন মাত্র দুইশ থেকে আড়াইশর মতো মানুষ। পুরো জনগোষ্ঠীর একমাত্র বসতির নাম এডিনবরা অফ দ্য সেভেন সিজ। এখানে কোনো বিমানবন্দর নেই, রাস্তাঘাটও সীমিত। দ্বীপের একমাত্র রাস্তাটা বসতিকে সংযুক্ত করেছে কৃষিজমির সাথে, যেখানে মানুষজন নিজেদের সবজি চাষ করেন। ইন্টারনেট আছে কিন্তু খুব ধীরগতির আর দামি, তাই স্ট্রিমিং টিমিং এখানে প্রায় অসম্ভবের কাছাকাছি।

এই দ্বীপের মানুষদের জীবনযাত্রা সত্যিই অন্যরকম। কোনো পুলিশ নেই, কোনো অপরাধও তেমন নেই বললেই চলে, ঝামেলা হলে সবাই মিলে বসে সমাধান করে ফেলেন। অর্থনীতি চলে মূলত মাছ ধরা, বিশেষ করে ট্রিস্টান রক লবস্টার রপ্তানি করে, সাথে কৃষিকাজ, হস্তশিল্প আর ডাকটিকিট বিক্রি করে। এই লবস্টার আবার বিশ্বের অন্যতম দামি আর সুস্বাদু বলে পরিচিত, আমেরিকা ইউরোপ পর্যন্ত রপ্তানি হয়।

মজার বিষয় হলো, এখানে মাত্র সাতটা পারিবারিক পদবি প্রচলিত, কারণ শুরুর দিকের বসতি স্থাপনকারীরা হাতে গোনা কয়েকজন মানুষ ছিলেন। বংশ পরম্পরায় বিয়েশাদির কারণে এখানে কিছু জিনগত স্বাস্থ্য সমস্যাও দেখা যায়, যেমন হাঁপানির প্রকোপ এখানে অনেক বেশি। চিকিৎসা সুবিধাও সীমিত, বড় কোনো অসুখ হলে রোগীকে জাহাজে করে এক সপ্তাহ সময় নিয়ে কেপটাউনে পাঠাতে হয়।

দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যও অসাধারণ। কুইন মেরিজ পিক নামের একটা আগ্নেয়গিরি আছে এখানে, ১৯৬১ সালে এটার অগ্ন্যুৎপাতের কারণে পুরো জনগোষ্ঠীকে সাময়িকভাবে যুক্তরাজ্যে সরিয়ে নিতে হয়েছিল। আশেপাশের গফ দ্বীপ আবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে লক্ষ লক্ষ সামুদ্রিক পাখির বাস, বিপন্ন ট্রিস্টান অ্যালবাট্রসও আছে সেখানে। উত্তুরে রকহপার পেঙ্গুইনদেরও একটা বড় অংশ থাকে এই দ্বীপপুঞ্জেই।

সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এত বিচ্ছিন্ন হয়েও এখানকার মানুষদের শিক্ষার হার প্রায় নিখুঁত, আর গড় আয়ুও বিশ্বের অন্যতম সেরা। ছোট্ট একটা স্কুলে গুটিকয়েক ছাত্রছাত্রী পড়াশোনা করে, বড় পড়াশোনার জন্য পরে তাদের যুক্তরাজ্য বা কেপটাউনে যেতে হয়।

ভ্রমণপ্রেমী মানুষ হিসেবে এই ধরনের জায়গার গল্প শুনলেই মনটা কেমন করে ওঠে। যেখানে মানুষ এত অল্প সম্বল নিয়ে, এত বিচ্ছিন্ন থেকেও শত বছর ধরে একটা কমিউনিটি টিকিয়ে রেখেছে, একে অপরের পাশে দাঁড়িয়ে জীবন চালিয়ে যাচ্ছে, এটাই আসলে মানুষের অভিযোজন ক্ষমতার একটা দারুণ উদাহরণ। পৃথিবীতে এখনো এমন কিছু জায়গা আছে যেখানে সময় যেন একটু ধীরে চলে, আর মানুষ প্রকৃতির সাথে সরাসরি লড়াই করে বেঁচে থাকে।

আপনাদের কি মনে হয়, এমন প্রত্যন্ত কোনো জায়গায় গিয়ে কিছুদিন থাকতে পারতেন?

#ত্রিস্তানদাকুনহা #বিশ্বভ্রমণ #রিমোটআইল্যান্ড #ভ্রমণগল্প #কুহুডাক #অজানাবিশ্ব #আটলান্টিকমহাসাগর #ভ্রমণপ্রেমী

পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ দ্বীপ, ত্রিস্তান দা কুনহা পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ দ্বীপ, ত্রিস্তান দা কুনহা পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ দ্বীপ, ত্রিস্তান দা কুনহা পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ দ্বীপ, ত্রিস্তান দা কুনহা