হাওরে বেড়াতে গেলে এই ১৩ নির্দেশনা জেনে রাখুন
টাঙ্গুয়ার হাওরসহ হাওরাঞ্চলে পর্যটন বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ ও পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে সুনামগঞ্জ জেলা প্রশাসন হাওর পর্যটনের জন্য ১৩ দফা নির্দেশনা দিয়েছে। ভ্রমণে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখা ভালো।
- ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ। তবে অনুমোদিত অন্যান্য এলাকায় হাউসবোট ও পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে।
- সব হাউসবোট নিবন্ধিত হতে হবে এবং অনুমতি ছাড়া কোনো নৌযান পরিচালনা করা যাবে না।
- হাউসবোটে উচ্চ শব্দে গানবাজনা, মাইক ও পার্টি আয়োজন করা যাবে না।
- একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিষিদ্ধ।
- নৌযানে পানি বিশুদ্ধ করার ফিল্টার রাখতে হবে।
- হাউসবোটে সেপটিক ট্যাংক ও অন্তত দুটি ডাস্টবিন থাকা বাধ্যতামূলক।
- হাওর বা জলাশয়ে কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না।
- হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুট হতে পারবে।
- পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখতে হবে এবং গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে।
- পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে রাখতে হবে এবং ট্যুর শুরুর আগে তা জানাতে হবে।
- জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতালের জরুরি নম্বর দৃশ্যমান স্থানে রাখতে হবে।
- প্রতিটি ট্যুরে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
- ঝড়, প্রবল বৃষ্টি, বজ্রপাত বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন বন্ধ রেখে নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।
হাওরে ভ্রমণ শুধু উপভোগের বিষয় নয়, হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দায়িত্বও আমাদের সবার। তাই ভ্রমণের সময় প্রশাসনের নির্দেশনাগুলো মেনে চলা জরুরি।
#টাঙ্গুয়ার #নির্দেশনা
রেফারেন্স: প্রথম আলো
